ছবি সংগৃহীত
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যাওয়ার পথে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার ভোর ৬টার দিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাজধানী ঢাকার কদমতলি এলাকার বাসিন্দা মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।
জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ‘সেজুতি ট্রাভেলস’-এর বাসযোগে ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন পর্যটকরা। পথে পাগলা বাজার এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে প্রাণ হারান।
