ছবি সংগৃহীত
ইদানীং হঠাৎ জ্বর, সর্দি বা দুর্বলতা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে—বাচ্চা থেকে বৃদ্ধ, প্রায় সবাই কোনো না কোনোভাবে আক্রান্ত হচ্ছে। আবহাওয়ার পরিবর্তন, দূষণ আর ভাইরাস সংক্রমণের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। তবে চিন্তার কিছু নেই—প্রকৃতির কাছেই রয়েছে এর সহজ সমাধান। নিয়মিত কিছু প্রাকৃতিক খাবার খেলে শরীরের ভেতর থেকেই তৈরি হবে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা।
চলুন দেখে নেওয়া যাক, কোন কোন খাবার আপনাকে রাখবে সুস্থ ও সবল—
টক জাতীয় ফল : ভিটামিন ‘সি’র জাদু
ভিটামিন ‘সি’ শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়ায়, যা সংক্রমণের বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষা দেয়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন লেবু, লাইম, কমলালেবুসহ সব ধরনের টক ফল।
হলুদ : প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও ইমিউন বুস্টার
হলুদের ‘কারকিউমিন’ উপাদান প্রদাহ কমায় এবং শরীরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। নিয়মিত খাবারে অল্প পরিমাণে হলুদ যোগ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
ব্রকোলি : ভিটামিন ও ফাইবারের ভান্ডার
ভিটামিন ‘এ’, ‘সি’, ‘ই’ ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ব্রকোলি শরীরের ইমিউন সিস্টেমের পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্যও ভালো রাখে।
দই : অন্ত্রের সুরক্ষক
দইয়ে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ও ভিটামিন ‘ডি’ শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে রাখে। দইয়ের সঙ্গে কলা বা আপেল মিশিয়ে খেলে পুষ্টিগুণ আরও বেড়ে যায়।
শাকসবজি : অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর
পালংশাকসহ সবুজ শাকে আছে ভিটামিন ‘এ’, ‘সি’, ‘ই’, বিটা-ক্যারোটিন ও ফ্ল্যাভোনয়েড, যা সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে এবং ত্বক ও চোখের জন্যও উপকারী।
আদা : গলার আরাম ও প্রদাহনাশক
আদায় থাকা প্রাকৃতিক প্রদাহনাশক উপাদান গলাব্যথা ও ঠান্ডা কমায়, একই সঙ্গে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
রসুন : প্রাচীন ঔষধি উপাদান
রসুনের সালফার যৌগ সংক্রমণ রোধ করে ও ভাইরাসের বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে। প্রতিদিনের রান্নায় কয়েক কোয়া রসুন যোগ করলেই উপকার পাবেন।
গ্রিন টি : অ্যান্টিঅক্সিডেন্টের শক্তিশালী উৎস
গ্রিন টিতে থাকা ফ্ল্যাভোনয়েড ও ইজিসিজি (EGCG) ভাইরাস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। গরম পানিতে ভিজিয়ে চা তৈরি করলে এর পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে।
সূর্যমুখী বীজ : ছোট কিন্তু শক্তিশালী
ভিটামিন, ম্যাগনেশিয়াম ও সেলেনিয়ামসমৃদ্ধ সূর্যমুখী বীজ শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট কার্যক্রম বাড়ায় এবং ইমিউন সিস্টেম সক্রিয় রাখে।
কাজুবাদাম : স্বাস্থ্যকর চর্বি ও ভিটামিন ‘ই’য়ের উৎস
নিয়মিত বাদাম খেলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে, পাশাপাশি শরীর পায় প্রাকৃতিক শক্তি ও সুরক্ষা।
লাল ক্যাপসিকাম : কমলার চেয়েও বেশি ভিটামিন ‘সি’
কমলার চেয়ে প্রায় তিনগুণ বেশি ভিটামিন ‘সি’ থাকে লাল ক্যাপসিকামে। এতে থাকা বিটা-ক্যারোটিন চোখ ও ত্বকের স্বাস্থ্যের জন্য অপরিহার্য।
পোলট্রি : প্রোটিন ও ভিটামিন বি৬-এর ভান্ডার
মুরগির মাংস ও ডিম শরীরে নতুন রক্তকণিকা গঠনে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
কিউই : ছোট ফলে অসাধারণ পুষ্টি
ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ কিউই শরীরের সংক্রমণ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে।
পেঁপে : প্রদাহ কমায় পেপেন এনজাইম
পেঁপেতে থাকা পেপেন এনজাইম, ভিটামিন ‘সি’, ফোলেট ও ম্যাগনেশিয়াম শরীরকে দ্রুত সুস্থ করে তোলে।
ব্লুবেরি : শ্বাসযন্ত্রের রক্ষাকবচ
ফ্ল্যাভোনয়েডসমৃদ্ধ ব্লুবেরি ফ্রি র্যাডিকেল দমন করে এবং সর্দি-কাশির বিরুদ্ধে শরীরের প্রতিরোধ গড়ে তোলে।
এই প্রাকৃতিক খাবারগুলোকে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন। শুধু অসুস্থতার সময় নয়, নিয়মিত সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে গড়ে তুলুন এক শক্তিশালী, প্রাণবন্ত ও রোগ-প্রতিরোধী দেহ।
