প্রবাসে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভাষা ও কারিগরি দক্ষতা বাড়াতে নতুন ঋণ সুবিধা চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশে ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’ শীর্ষক এ কর্মসূচির আওতায় যোগ্য প্রার্থীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, বিদেশে ভাষা শেখা ও নির্দিষ্ট কারিগরি দক্ষতা অর্জনে আগ্রহীদের সহজ শর্তে এ ঋণ দেওয়া হবে। এ সুবিধার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি পরিশোধ, বিদেশে অবস্থানকালীন থাকা-খাওয়ার খরচ বহনের জন্য অর্থ সহায়তা। বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানিতে যেতে ইচ্ছুকদের জন্য ঋণ প্রাপ্তির শর্ত তুলনামূলক সহজ রাখা হয়েছে।
ঋণ পেতে আগ্রহীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংক শাখার আওতাধীন এলাকার বাসিন্দা হতে হবে। আবেদনকারীর কাছে নির্ধারিত দেশের কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের অফার লেটার থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ভাষায় অন্তত মধ্যম পর্যায়ের দক্ষতার সনদও প্রয়োজন। উদাহরণ হিসেবে, জাপানের জন্য এন-৫ এবং দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে টিওপিআইকে লেভেল-৩ সনদ দেখাতে হবে।
আবেদনের সময় পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জামিনদার সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
এই ঋণের বার্ষিক সুদের হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ এবং ঋণের সর্বোচ্চ মেয়াদ তিন বছর। অন্যান্য ফি ও চার্জ ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।
বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় যোগাযোগ করতে অথবা হেল্পলাইন ১৬২৩৮ নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকের ওয়েবসাইট থেকেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।