৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-০৭

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী।

মঙ্গলবার (৭ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে কমিশনের অনুমোদনক্রমে ৩ হাজার ৬৩১ জনকে সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।

পূর্ণাঙ্গ ফলাফল ও সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি যৌক্তিক কোনো কারণে ফলাফলে সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষে মাত্র ৯ দিনের মধ্যে, ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।

error: Content is protected !!