সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কে প্রাইভেটকার ও গরুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঘাটেরচটি এলাকার জৈন্তিয়া গেইট সংলগ্ন একটি আইসক্রিম ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজন হলেন সিলেট নগরীর মিরাবাজার খারপাড়া এলাকার আলী হায়দারের ছেলে নাহিদ হোসেন টিটু। অপর আহতরাও একই এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল পশুর হাট থেকে কোরবানির গরু কিনে ফেরার পথে জৈন্তাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৯-৯৭৯৭) ও সিলেটমুখী গরুবাহী একটি পিকআপের (ঢাকা মেট্রো-ন ১২-২২৪৮) মধ্যে সংঘর্ষ হয়। এতে পিকআপের পেছনে দাঁড়িয়ে থাকা তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। জানা গেছে, আহত তিনজন পিকআপের পেছনে গরুর সঙ্গে ছিলেন এবং তাদের বাবা গাড়ির সামনের আসনে বসেছিলেন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।