ছবি: সংগৃহীত
সিলেট বিভাগে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে আক্রান্ত শিশুদের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনাও। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৫৮ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (২৯ মে) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
মৃত শিশু আরিমের বয়স ছিল ৯ মাস। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত মারা যাওয়া ৫৮ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু সরাসরি হাম রোগে হয়েছে। বাকি শিশুদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন ২০৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী ল্যাব পরীক্ষায় শনাক্ত না হলেও সন্দেহভাজন ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। জেলার ভিত্তিতে আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ৮৬ জন। এছাড়া সিলেট জেলায় ৪২ জন, হবিগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজারে ১৬ জন রোগী শনাক্ত হয়েছেন। হবিগঞ্জের শনাক্ত রোগীদের মধ্যে ২ জন রুবেলায় আক্রান্ত ছিলেন।
