অবশেষে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব নিচ্ছেন আব্দুল্লাহ আল মামুন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৭-১৩

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে টানা কয়েক দফা পরিবর্তনের পর অবশেষে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব বুঝে নেবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার (১২ জুলাই) রাতে ঢাকা থেকে সিলেটে পৌঁছানোর কথা থাকলেও রাত ৯টা পর্যন্ত তিনি সিলেটে পৌঁছাননি।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন জানান, নতুন জেলা প্রশাসক সোমবার কর্মস্থলে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আরও বলেন, নতুন ডিসি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ২১ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর থেকেই ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন পিংকি সাহা। এরপর মাত্র ১৮ দিনের ব্যবধানে সিলেটের জেলা প্রশাসক পদে চারজন কর্মকর্তাকে পদায়ন করা হলেও নানা কারণে কেউই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

প্রথমে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যান। পরে ওই পদায়ন বাতিল করা হয়। সর্বশেষ ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এদিকে, সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক উদ্যোগের কারণে আলোচনায় ছিলেন। বিশেষ করে সিলেটের পাথর উত্তোলন ও সাদাপাথর সংরক্ষণ ইস্যুতে তার পদক্ষেপ ব্যাপকভাবে আলোচিত হয়। এছাড়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নেওয়া উদ্যোগও দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।

গত ১২ জুন তিনি দুটি মাজার পরিদর্শন করে আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় ১৮ জুন পুরোনো দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে দীর্ঘদিনের ব্যবহৃত তিনটি দানের ডেগও সিলগালা করা হয়।

এই উদ্যোগকে কেন্দ্র করে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একাংশ এটিকে দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও, অন্যরা প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ তুলে সমালোচনা করেন। পরে প্রত্যাহারের আদেশ জারির পরদিন মো. সারওয়ার আলম দায়িত্ব ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহার কাছে হস্তান্তর করেন।

error: Content is protected !!