ময়মনসিংহের ভালুকা পৌরসভার টিএন্ডটি রোডের একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূ ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- ময়না আক্তার (৩০), তার মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)।
সোমবার (১৪ জুলাই) সকালে এ ঘটনাটি ঘটে। নিহতদের স্বামী রফিকুল ইসলাম একটি পোশাক কারখানায় কর্মরত এবং ওই বাসায় পরিবারসহ বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাজে যাওয়ার পর বাসায় ফিরে রফিকুল বাসার দরজায় তালা দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানদের লাশ দেখতে পান।
ঘটনার পর রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম নিখোঁজ রয়েছেন।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, এটি একটি মর্মান্তিক ও পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
