শিরোনাম

সিলেটে হাম রোগে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-২৭
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হাম রোগের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে একজনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত মোট ৮১ জনের শরীরে পরীক্ষা করে হাম ও রুবেলার সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেট জেলায় ২৬ জন আক্রান্ত রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার ৮ মাস বয়সী তাহা এবং অপরজন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর এলাকার ১ বছর ৬ মাস বয়সী ওয়াজিহা আক্তার। তারা দুজনই সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও ৩৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২২ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগজুড়ে মোট ১৭২ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৩ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ জনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বাকি রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম রোগের বিস্তার রোধে দ্রুত টিকা গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

error: Content is protected !!