ছবি: সংগৃহীত
সিলেট মহানগরীর সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) সকাল প্রায় পৌনে ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং স্থানীয় বিএনপি নেতারা।
এর আগে প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন। সকাল ১০টার দিকে তিনি বিমানের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সিলেট সফর। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
দিনের কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় তিনি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে একটি দলীয় সভায় অংশ নেবেন।
