শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে সিসিটিভি নজরদারি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-২০
ছবি : সংগৃহীত

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের দান কার্যক্রমে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মাজারের দানবাক্সগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর আগে দানবাক্স ও ডেগ পাহারার জন্য আনসার সদস্যও মোতায়েন করা হয়।
শনিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নির্দেশনায় মাজার প্রাঙ্গণে দানবাক্সগুলোর ওপর সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নিরাপত্তা জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ক্যামেরাগুলোর মাধ্যমে দানবাক্সে অর্থ জমা ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এতে দর্শনার্থী ও ভক্তদের আস্থা বৃদ্ধি পাবে এবং দান কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এর আগে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাজার এলাকায় মাদকাসক্তি ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থানের কথাও জানান।
উল্লেখ্য, গত ১২ জুন শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্সে তালা দেওয়া হয়। পরে ১৮ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে মাজারের তিনটি দানের ডেগ সিলগালা করা হয়।

error: Content is protected !!