ছবি: সংগৃহীত
সিলেটে চায়ের দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় এক বস্তা উত্তরপত্র জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে এসব উত্তরপত্র জব্দ করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।
অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহান সিলেট মেট্রোসিটি ওমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তিনি শাবিপ্রবির বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইকবাল হোসেন সোহান কয়েকজন বন্ধু ও সাবেক সহপাঠীকে নিয়ে ওই চায়ের দোকানে বসেছিলেন। এ সময় সঙ্গে থাকা একটি বস্তা থেকে উত্তরপত্র বের করে মূল্যায়নের কাজ করা হচ্ছিল। সেখানে আরও দুজন ব্যক্তি উত্তরপত্র দেখছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, এর আগের দিন শুক্রবার রাতেও একই স্থানে চারজনকে চা ও ধূমপানের আড্ডার মধ্যে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করতে দেখা যায়। পরীক্ষকের বাইরে অন্য ব্যক্তিদের হাতে উত্তরপত্র তুলে দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
খাতা জব্দের সময় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিনের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক দাবি করেন, তাড়াহুড়ো থাকায় তিনি বন্ধুদের দিয়ে খাতা মূল্যায়ন করাননি। তিনি শুধু কোড নম্বর মিলিয়ে দেখছিলেন।
পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পুলিশ প্রশাসনের সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এরপর অভিযুক্ত শিক্ষককে সঙ্গে নিয়ে জালালাবাদ থানায় যান তারা।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, এ ঘটনায় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে অভিযুক্ত শিক্ষককে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের হেফাজতে দেওয়া হয়।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
