সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোনবার (৩ মে) সকালে উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই একটি ট্রাক ও শ্রমিকবাহী ডিআই পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত চারজনের পরিচয় শনাক্ত করা গেছে।
তাঁরা হলেন—সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫) এবং মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।
জানা গেছে, নিহতদের অধিকাংশই সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। তাঁরা নির্মাণকাজের জন্য ছাদ ঢালাইয়ের উদ্দেশ্যে পিকআপে করে যাচ্ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, শ্রমিকরা ডিআই পিকআপে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা কাঁঠালবাহী ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপের চালক পালিয়ে যান। তবে ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনো জানা যায়নি।
