সাকিব খেলবেন গ্লোবাল সুপার লিগে, দুবাই ক্যাপিটালসে যুক্ত হলেন মহারাজের জায়গায়

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-০৬

বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার কথা থাকলেও শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের জার্সি গায়ে জড়ানো হয়নি টাইগার অলরাউন্ডারের। তবে খেলবেন গ্লোবাল সুপার লিগে (জিএসএল)। এই টুর্নামেন্টে তাকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস।

আইএলটি-টোয়েন্টি বা ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন দল দুবাই ক্যাপিটালস এক ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে সাকিবকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে তারা।

এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল। সেগুলো হলো—বাংলাদেশের রংপুর, সেন্ট্রাল স্ট্যাগস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস এবং দুবাই ক্যাপিটালস।

জিএসএলের এবারের আসর শুরু হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল ১৮ জুলাই মুখোমুখি হবে ফাইনালে।

সূচি অনুযায়ী, দুবাই ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ১১ জুলাই হোবার্ট হারিকেনসের বিরুদ্ধে, তৃতীয় ম্যাচ ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৬ জুলাই সাকিবদের প্রতিপক্ষ হবে রংপুর।

error: Content is protected !!