ছবি: সংগৃহীত
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ বছর এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, মোট ৫৯ হাজার ৭৮৩ জন যাত্রী ১৫৪টি ফ্লাইটে করে দেশটিতে গেছেন।
রবিবার (১৭ মে) প্রকাশিত বুলেটিনে জানানো হয়, শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের মাধ্যমে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। এ সংক্রান্ত তথ্য দিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক, যেখানে সিভিল এভিয়েশন অথরিটি, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্য সংকলন করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ ব্যবস্থাপনার দিক থেকে দেখা যায়, সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন যাত্রী।
এদিকে, হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন।
অন্যদিকে, ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস এখন পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৭৮টি হজ ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা দেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
