দুবাইয়ে ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগ, শুরু হচ্ছে ইন্টারভিউ

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৬-০৫-১৭
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আগামীকাল থেকে চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হচ্ছে।

রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানায় দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল। বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসংস্থান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি, কর্মীরা দুবাই পৌঁছানোর পর প্রশিক্ষণকালীন সময়ে যেন বেতন-ভাতার ব্যবস্থা থাকে, সে বিষয়ে কোম্পানির প্রতি আহ্বান জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, শুধু ড্রাইভার নয়—বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য পেশাজীবীদের নিয়োগের সুযোগও বাড়ানো উচিত।

প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। দক্ষতা ও পরিশ্রমের কারণে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয় বলেও তারা উল্লেখ করেন।

তারা জানান, শুরু হতে যাওয়া সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিকভাবে প্রায় ১ হাজার ৫০০ জন চালক যাচাই-বাছাই করা হবে। চলতি বছরে ধাপে ধাপে মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগের পরিকল্পনা রয়েছে।

এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশে যেতে একজন ড্রাইভারের ব্যয় অনেক বেশি হওয়ায় অনেককে ঋণ নিতে হয়। তাই অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ-এর প্রতিনিধিরা জানান, ড্রাইভারের পাশাপাশি বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগের বিষয়েও তাদের আগ্রহ রয়েছে।

সভায় মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!