ছবি : সংগৃহীত
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের জন্য মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩২০ জন এবং নবম, দশম ও দ্বাদশ গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে ২০১ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে।
৪৭তম বিসিএসে প্রথমবারের মতো আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। এ পরীক্ষার জন্য ২০২৪ সালের ২৮ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২৯ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে।
এ বিসিএসে পরীক্ষা পদ্ধতিতেও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। আবেদন ফি কমানোর পাশাপাশি মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। এর ফলে বিসিএস পরীক্ষার মোট নম্বর ১ হাজার ১০০ থেকে কমিয়ে ১ হাজার নির্ধারণ করা হয়।
