বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন নাগরিক তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধন করতে পারবেন। আগামী বছরের জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ব্যক্তিগত পর্যায়ে সিম ব্যবহারের সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে বিটিআরসি।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।
এর আগে গত ৩০ জুলাই বিটিআরসি জানিয়েছিল, একজন ব্যক্তির নামে ১০টির বেশি সিম নিবন্ধন করা যাবে না। অতিরিক্ত সিমগুলো নভেম্বর মাস থেকে বন্ধ করা শুরু হবে বলে জানানো হয়। সংশ্লিষ্ট গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে অতিরিক্ত সিমগুলো ‘ডি-রেজিস্টার’ করতে হবে। এর আগে একজন নাগরিক তার এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারতেন।
বিটিআরসির এক কর্মকর্তা জানান, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় একজন নাগরিকের এনআইডির বিপরীতে সিম নিবন্ধনের সংখ্যা কমানোর বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের নতুন সিম নিবন্ধনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচটিতে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা রয়েছে। সিদ্ধান্তটি অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হবে। অনুমোদন পেলে ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন বিধান কার্যকর হবে।
গত ২৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, নির্বাচনের আগে ব্যক্তিগত পর্যায়ে মোবাইল সিম ব্যবহারের সংখ্যা কমানো হবে। বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারেন, যা নির্বাচনের আগে কমিয়ে পাঁচ থেকে সাতটিতে আনা হবে। সরকারের লক্ষ্য ভবিষ্যতে ব্যক্তি পর্যায়ের সিম ব্যবহার আরও কমিয়ে দুটিতে নামিয়ে আনা।
অন্যদিকে, গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী জানান, ৩১ অক্টোবরের পর একজনের এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম রাখা যাবে না। পরবর্তীতে ধাপে ধাপে এই সংখ্যা আরও কমানো হবে।
একজনের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে যেকোনো অপারেটর—গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক—থেকে *১৬০০১# লিখে ডায়াল করতে হবে। এরপর ফিরতি মেসেজে জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা দিতে হবে। সেই সংখ্যা পাঠানোর পর এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ঐ এনআইডিতে কতটি সিম নিবন্ধিত রয়েছে এবং কোন কোন অপারেটরের সিম ব্যবহার করা হচ্ছে।

ছবি: সংগৃহীত
