শিরোনাম

সিলেটে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, শীতের দাপটে জনজীবন স্থবির

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০১-০১
ছবি: সংগৃহীত

সিলেটে বৃহস্পতিবার সকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সকাল ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন।

গত কয়েক দিন ধরেই সিলেটজুড়ে শীতের তীব্রতা বাড়ছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এর আগের দিন বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৮ থেকে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি এবং ৬ থেকে ৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

শীতের কারণে সকাল থেকেই নগরীতে যান চলাচল তুলনামূলক কম দেখা গেছে। সাধারণ মানুষের চলাফেরাও ছিল সীমিত। অনেক দোকানপাট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে খুলতে দেখা যায়।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতবস্ত্রের বাজারেও চাঙ্গাভাব এসেছে। সাম্প্রতিক কয়েক দিনে শীতের কাপড়ের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সিলেটে সারা বছরই শীতের পোশাক বিক্রি হলেও বর্তমানে বিক্রি প্রায় পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, বর্তমানে সিলেটের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। তিনি বলেন, জানুয়ারি সাধারণত শীতপ্রধান মাস। অতীতে সিলেটে আরও কম তাপমাত্রা রেকর্ড থাকলেও সাম্প্রতিক কয়েক মৌসুমে শীতের তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল।

error: Content is protected !!