ছবি: সংগৃহীত
গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে পুনর্গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে একজন মা নিশ্চিন্তে সন্তানকে বাইরে পাঠাতে পারেন এবং মানুষ নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফিরতে পারেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। ঢাকায় নামার আগে বিমানটি সিলেট বিমানবন্দরে যাত্রাবিরতি করে।
দেশে ফেরার সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সংবর্ধনাস্থলে যান। সেখানে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন।
সংবর্ধনা শেষে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর তিনি গুলশান-২ নম্বরে অবস্থিত বাসভবনে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনাস্থলে সকাল থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে।
