শিরোনাম

ওসমানীসহ দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-২৭
ছবি: সংগৃহীত

পুলিশ সদর দপ্তরের সতর্কতামূলক চিঠির পর দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলায় তিনি জানান, বিমানবন্দরগুলো সবসময়ই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরিচালিত হয়। তবে পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পর সতর্কতা আরও বাড়ানো হয়েছে, যা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থারই একটি অংশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কবার্তার পরপরই সব বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে—পোশাকধারী ও সাদা পোশাকে।

বিমানবন্দরের আগমন ও বহির্গমন উভয় ক্ষেত্রেই তল্লাশি বাড়ানো হয়েছে। কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল সীমিত বা বন্ধ থাকে, সেগুলোতেও রাতের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, পুলিশ সদর দপ্তরের অভ্যন্তরীণ এক চিঠিতে জানানো হয়, একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে—এমন আশঙ্কা থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসানের স্বাক্ষরে চিঠিটি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী সংগঠনটির সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি সক্রিয় যোগাযোগ বজায় রাখছে এবং তারা সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে জাতীয় সংসদ, পুলিশ ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।

এছাড়া, সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সদস্যের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্যও পাওয়া গেছে বলে উল্লেখ করা হয় চিঠিতে।

তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, সরাসরি কোনো হুমকি না থাকলেও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে।

 

error: Content is protected !!