ডায়েটের ক্ষেত্রে ডিটক্স ওয়াটার কতটা কার্যকর

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-১৭

সুস্থ থাকতে বর্তমানে অনেকেই ডায়েটের পাশাপাশি ডিটক্স ওয়াটার পান করছেন। পুষ্টিবিদরাও অনেক সময় এই পানীয়কে সহায়ক হিসেবে বিবেচনা করেন। তবে এ নিয়ে মানুষের মনে প্রশ্নও কম নয়—ডিটক্স ওয়াটার আসলে কতটা উপকারী?

ডিটক্স ওয়াটার মূলত সাধারণ পানির সঙ্গে বিভিন্ন ফল, সবজি বা ভেষজ উপাদান মিশিয়ে তৈরি করা এক ধরনের পানীয়। এতে শরীর হাইড্রেটেড থাকে, হজম প্রক্রিয়া কিছুটা সহজ হয় এবং শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকর উপাদান বের করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

ওজন কমানো বা স্বাস্থ্যকর জীবনযাপন করতে ইচ্ছুকদের জন্য ডিটক্স ওয়াটার উপকারী হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে এটি কোনো জাদুকরী সমাধান নয়। সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের সঙ্গে মিলিয়ে গ্রহণ করলে তবেই ভালো ফল পাওয়া সম্ভব।

ডায়েটিশিয়ানদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে প্রায় ১ থেকে ২ লিটার পর্যন্ত ডিটক্স ওয়াটার পান করতে পারেন। তবে সারাদিন শুধু ডিটক্স ওয়াটার না খেয়ে সাধারণ পানির সঙ্গে ভারসাম্য রেখে পান করাই উত্তম।

বিভিন্ন উপাদান ব্যবহার করে সহজেই এই পানীয় তৈরি করা যায়। যেমন—

  • লেবু ও পুদিনা মিশ্রিত পানি শরীর সতেজ রাখতে এবং হজমে সহায়তা করে

  • শসা ও লেবুর পানি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ত্বকের জন্য উপকারী

  • আপেল ও দারুচিনি মিশ্রিত পানি মেটাবলিজম বাড়াতে সহায়ক হতে পারে

ডিটক্স ওয়াটার পান করার সময়টাও গুরুত্বপূর্ণ। অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এটি পান করেন, যা শরীরকে দ্রুত হাইড্রেটেড করে এবং দিনটি সতেজভাবে শুরু করতে সাহায্য করে।

ডিটক্স ওয়াটার তৈরির পদ্ধতিও বেশ সহজ। একটি বোতল বা জারে পরিষ্কার পানি নিয়ে তাতে পছন্দমতো ফল বা সবজি—যেমন লেবু, শসা, পুদিনা পাতা বা আপেলের টুকরো—মিশিয়ে ৪ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখলেই পানিতে উপাদানগুলোর স্বাদ মিশে যায়। এরপর তা পান করা যায়।

error: Content is protected !!