সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম: প্রধানমন্ত্রী
:
বালাগঞ্জের আওয়াজ প্রকাশ: ২০২৬-০৩-৩০
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের ক্রীড়া খাতে নতুন প্রজন্মের প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কার্যক্রম শুরু করা হচ্ছে। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
সোমবার (৩০ মার্চ) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের সম্মাননা ও ‘ক্রীড়া কার্ড’ বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের হাতে ‘ক্রীড়া কার্ড’ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
তারেক রহমান বলেন, স্বাধীনতার পর ১৯৭৬ সালে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ চালু হয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর অনুষ্ঠানটি আবারও বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় এবার ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন উদ্যোগ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হচ্ছে, যা সিলেট থেকে শুরু হয়ে ধাপে ধাপে সারাদেশে বিস্তৃত হবে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশও এই ক্ষেত্রে এগিয়ে যেতে চায়। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।