উচ্চ রক্তচাপ বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্যসমস্যা। দীর্ঘ সময় কোনো দৃশ্যমান উপসর্গ ছাড়াই শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে বলে একে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপন রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে কয়েকটি প্রাকৃতিক পানীয়ও সহায়ক হতে পারে।
তবে চিকিৎসকরা সতর্ক করে বলেন, এসব পানীয় কখনোই উচ্চ রক্তচাপের ওষুধের বিকল্প নয়; বরং সুস্থ জীবনধারার অংশ হিসেবে এগুলো গ্রহণ করা যেতে পারে।
জবা ফুলের চা
ক্যাফেইন এড়িয়ে চলতে চান এমন ব্যক্তিদের জন্য জবা ফুলের চা বা হিবিস্কাস টি একটি ভালো বিকল্প। এটি গরম কিংবা ঠান্ডা—উভয়ভাবেই পান করা যায়।
জবা ফুলে থাকা পলিফেনল রক্তনালিকে শিথিল করতে সাহায্য করে, ফলে রক্ত সঞ্চালন সহজ হয়। এছাড়া এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন সি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত হিবিস্কাস টি পান করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ, হজমশক্তি উন্নয়ন এবং ওজন নিয়ন্ত্রণেও উপকার পাওয়া যেতে পারে।
বেদানার রস
বেদানা পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফল, যা হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিবেচিত হয়। এতে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, বেদানার রস রক্তনালির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। তবে সর্বোচ্চ উপকার পেতে অতিরিক্ত চিনি মেশানো বাজারজাত জুসের পরিবর্তে ঘরে তৈরি তাজা বেদানার রস পান করার পরামর্শ দেওয়া হয়।
বিটের রস
বিটে প্রচুর পরিমাণে ডায়েটারি নাইট্রেট থাকে। শরীরে প্রবেশের পর এই নাইট্রেট নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়, যা রক্তনালিকে প্রসারিত ও শিথিল করতে সহায়তা করে।
এর ফলে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ে। পাশাপাশি বিটের রস শরীরের কর্মক্ষমতা ও শক্তি বৃদ্ধিতেও সহায়ক বলে মনে করেন পুষ্টিবিদরা।
বিশেষজ্ঞদের পরামর্শ
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে শুধু উপকারী পানীয় গ্রহণই যথেষ্ট নয়। নিয়মিত রক্তচাপ পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত শারীরিক ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাও সমান গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গে এসব পানীয় যুক্ত করলে রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে।