হামজাকে রোল মডেল মেনে বাংলাদেশের হয়ে জিততে চান ফারহান

: অনলাইন ডেস্ক
প্রকাশ: 2026-09-24
ছবি: সংগৃহীত

আসিয়ান কাপ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদের। কোচ টমাস ডুলির দলে নতুন তিন বিদেশি ফুটবলারের একজন ১৯ বছর বয়সী এই তরুণ।

জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলনে নেমেই সতীর্থদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ফারহান। দলের পরিবেশে মুগ্ধ এই তরুণ ফুটবলার এখন বাংলাদেশের হয়ে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে জাতীয় দলের তারকা হামজা চৌধুরীর সঙ্গে মাঠে জুটি গড়ে বাংলাদেশকে জেতানোর স্বপ্নও দেখছেন তিনি।

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপের প্রস্তুতি নিতে বাংলাদেশ দল বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থান করছে। সেখানে দলের সঙ্গে অনুশীলন শেষে বাংলাদেশের হয়ে নিজের লক্ষ্য ও অনুভূতির কথা জানান ফারহান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, জাতীয় দলের সঙ্গে এখন পর্যন্ত তাঁর অভিজ্ঞতা বেশ ভালো। সতীর্থরা তাঁকে আপন করে নিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন দিয়েছেন।

ফারহানের প্রত্যাশা, এই দল ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। বাংলাদেশের জাতীয় দলের অংশ হতে পেরে নিজের গর্বের কথাও জানিয়েছেন তিনি। তাঁর লক্ষ্য জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করা এবং দল হিসেবে নিজেদের আরও শক্তিশালী করে তোলা।

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহানের পরিবারের সবাই বাঙালি। বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছেন তিনি। পরিবারের সদস্যরা তাঁর এই সিদ্ধান্তে খুশি হয়েছেন জানিয়ে ফারহান বলেন, ভবিষ্যতে ভালো পারফর্ম করে তিনি পরিবারকে গর্বিত করতে চান।

বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তে তাঁকে অনুপ্রাণিত করেছে আরেক প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর পথচলাও। গত বছর বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হওয়া হামজাকে দক্ষিণ এশিয়ার ফুটবলারদের জন্য একজন রোল মডেল হিসেবে মনে করেন ফারহান।

হামজার সঙ্গে মাঠে বোঝাপড়া তৈরি করে বাংলাদেশের হয়ে সাফল্য পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে ফারহান বলেন, দক্ষিণ এশীয় ফুটবলারদের জন্য হামজা একজন অনুপ্রেরণার নাম। তাঁর সঙ্গে মাঠে ভালো একটি যোগাযোগ তৈরি করে বাংলাদেশকে জয় এনে দিতে চান তিনি।

জাতীয় দলে নতুন অধ্যায়ের পাশাপাশি ক্লাব ফুটবলেও সম্প্রতি নতুন অভিজ্ঞতা অর্জনের পথে রয়েছেন ফারহান। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দিয়েছেন তিনি। ২০২৬-২৭ মৌসুমের পুরোটা সময় হার্টফোর্ডশায়ারের এই ক্লাবটির হয়ে খেলবেন ১৯ বছর বয়সী উইঙ্গার। এরই মধ্যে দলটির জার্সিতে চারটি ম্যাচেও অংশ নিয়েছেন তিনি।

ফুলহামের মূল দলে ফারহানের সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা ছিল। তবে সিনিয়র পর্যায়ে নিয়মিত খেলে নিজেকে আরও পরিণত করার পথ বেছে নিয়েছেন এই তরুণ। বড় পর্যায়ের ফুটবলে যাওয়ার আগে ইংল্যান্ডের নিচের স্তরের প্রতিযোগিতায় অভিজ্ঞতা অর্জন করাই তাঁর বর্তমান লক্ষ্য।

ক্লাব ফুটবলে নিজেকে গড়ে তোলার পাশাপাশি এবার বাংলাদেশের জাতীয় দলের জার্সিতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান ফারহান। আসিয়ান কাপে তাঁর পারফরম্যান্সের দিকেই এখন নজর থাকবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের।

error: Content is protected !!