আখেরি চাহার সোম্বায় বুধবার সিলেটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-08-11
ছবি: সংগৃহীত

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সিলেটসহ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ উপলক্ষে এক দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বার ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। এর আওতায় সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় রয়েছে।

তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি থাকছে না। দিনটি ঐচ্ছিক ছুটির অন্তর্ভুক্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজগুলোও ওইদিন বন্ধ থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার ছুটি ঘোষণা করেছে।

এ ছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ বিজ্ঞপ্তিতে বুধবারের ছুটির বিষয়টি জানিয়েছে।

আখেরি চাহার সোম্বা কী

‘আখেরি চাহার সোম্বা’ নামটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে ‘আখেরি চাহার সোম্বা’ বলা হয়।

মুসলিম সমাজে দিনটি দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।

error: Content is protected !!