লাউয়াছড়ার বনে পাহাড়িকা এক্সপ্রেসের ৯ বগি বিচ্ছিন্ন, দুর্ভোগে শতাধিক যাত্রী

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-10-02
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বনের ভেতরে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কাপলিং ছিঁড়ে যাওয়ায় ইঞ্জিনসহ সামনের সাতটি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গলের দিকে চলে যায়। এতে পেছনের নয়টি বগিতে থাকা কয়েক শতাধিক যাত্রী বনের ভেতর আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রেললাইনে এ ঘটনা ঘটে।

ট্রেনের এক যাত্রী কুমিল্লার বাসিন্দা জসিম জানান, সকাল ১০টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। দুপুরের দিকে লাউয়াছড়ার নির্জন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রেনে ঝাঁকুনি অনুভূত হয়। পরে তারা দেখতে পান, তাদের বহনকারী নয়টি বগি রেললাইনের ওপর থেমে রয়েছে। অন্যদিকে ইঞ্জিনসহ সামনের অংশের বগিগুলো নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গলের দিকে চলে গেছে।

জসিম বলেন, দুপুর ২টার পর থেকে নারী, শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে তারা বনের মধ্যে আটকা পড়েছেন। কখন উদ্ধার করা হবে, সে বিষয়ে তখনও নিশ্চিত হতে পারেননি তারা।

গভীর বনের মধ্যে ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। একই সঙ্গে সিলেটের সঙ্গে অন্যান্য এলাকার রেল যোগাযোগও সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ। তিনি জানান, দুপুরের দিকে পাহাড়িকা এক্সপ্রেস ভানুগাছ স্টেশন অতিক্রম করে। স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার যাওয়ার পর ট্রেনটির কাপলিং ছিঁড়ে যাওয়া অথবা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে পেছনের নয়টি বগি আলাদা হয়ে যায়।

স্টেশন মাস্টার জানান, চালক তাৎক্ষণিকভাবে বগিগুলো বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে না পারায় ইঞ্জিনসহ সামনের অংশ নিয়ে শ্রীমঙ্গলের দিকে চলে যান।

খবর পাওয়ার পর শ্রীমঙ্গল থেকে পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন ফিরিয়ে এনে লাউয়াছড়ায় আটকে থাকা নয়টি বগি উদ্ধার করে শ্রীমঙ্গলে নেওয়ার প্রস্তুতি শুরু হয়। তবে ঠিক কী কারণে বগিগুলো বিচ্ছিন্ন হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ।

error: Content is protected !!