ছবি: সংগৃহীত
হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর চাপ
সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। দিন দিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, পাশাপাশি হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। নিহতদের মধ্যে সিলেট জেলার ১ জন, সুনামগঞ্জের ৩ জন এবং হবিগঞ্জের ১ জন রয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৩ জন রোগী ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪ জন রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন ভর্তি হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন ভর্তি রয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জনসহ অন্যান্য হাসপাতালেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
