আজই শেষ হচ্ছে এসএসসি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন, যেভাবে করবেন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-08-17
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে ব্যাপক সাড়া পড়েছে। গত ১১ আগস্ট থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়ার শেষ দিন আজ সোমবার (১৭ আগস্ট)। এরই মধ্যে ফলাফলে অসন্তুষ্ট তিন লাখের বেশি শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এসএসসি পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট তিন লাখেরও বেশি শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। নির্ধারিত সময় অনুযায়ী আজ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে।

এবার শিক্ষার্থীদের জন্য খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগও রাখা হয়েছে। ১৯৯৮ সালের আইনে খাতা পরিদর্শনের ব্যবস্থা না থাকলেও পরবর্তী সময়ে আইনে সংশোধন আনা হয়েছে। এর ফলে বর্তমান ব্যবস্থায় শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের সুযোগ পাচ্ছে।

যেভাবে করবেন পুনর্নিরীক্ষণের আবেদন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রথমে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত ঘরে পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে একটি মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

এরপর পর্দায় শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে।

প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি ১৫০ টাকা। কোনো বিষয়ের দুটি পত্র থাকলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। আবেদন করার পর মোট কত টাকা ফি দিতে হবে, তা পরবর্তী ধাপে দেখানো হবে।

ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে। অর্থ পরিশোধের নিয়ম ও বিস্তারিত নির্দেশনা জানতে আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন অনুসরণ করা যাবে।

ফি পরিশোধের পর আবার আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই নিয়মে তা করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ফি দেওয়ার আগে আবেদন সংশোধন করতে চাইলে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে যেসব বিষয়ের জন্য এখনো ফি পরিশোধ করা হয়নি, সেগুলো বাদ দেওয়া যাবে। এরপর প্রয়োজনীয় বিষয় নতুন করে নির্বাচন করা যাবে।

তবে ফি পরিশোধের পর নির্বাচিত কোনো বিষয় বাতিল করা যাবে না। একই সঙ্গে পরিশোধ করা ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না। এ ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

error: Content is protected !!