সিলেটে হামের উপসর্গে ৪ মাসের শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩৯

: অনলাইন ডেস্ক
প্রকাশ: 2026-08-19
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১৩৯ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার মাস বয়সী শিশুটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

মৃত শিশুটির নাম সিবানসু। সে সিলেট সদর উপজেলার বাসিন্দা সেন্টুর ছেলে। হামের উপসর্গ নিয়ে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সিলেট স্বাস্থ্য বিভাগের বুধবারের প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ১০৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে হাম অথবা হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৩৯ জনের মধ্যে ১০ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছিল। অন্য ১২৯ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।

এদিকে, ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ল্যাবরেটরি পরীক্ষায় ৯৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হাম পরিস্থিতি মোকাবিলায় বিভাগটির বিভিন্ন হাসপাতালে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

error: Content is protected !!