ছবি : সংগৃহীত
বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন ভিসা প্রদান শুরু করেছে ভারত। প্রায় দুই বছর পর গত ২৮ জুন এ সেবা চালু হওয়ার পরপরই ভিসার জন্য ব্যাপক সাড়া পাওয়া গেছে। চালুর প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ১ লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়ে।
এত বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায়, ভিসা পরিষেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ভারতীয় হাইকমিশন বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
