ছবি সংগৃহীত
রোববার (২১ জুলাই) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই দলের মধ্যে এখন পর্যন্ত ২২টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মাত্র ৩টি জিতেছে বাংলাদেশ, বাকি ১৯ ম্যাচে জয়ী পাকিস্তান।
দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হিসেবেও পরিসংখ্যানে এগিয়ে রয়েছে পাকিস্তান। মোট ৬টি সিরিজে মুখোমুখি হয়েছে দু’দল, যার পাঁচটিতেই জয় পেয়েছে পাকিস্তান। কেবল ২০১৫ সালে ঘরের মাঠে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জয় পায় বাংলাদেশ।
দুই দলের মধ্যকার সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও পাকিস্তানের দখলে। ২০০৮ সালে করাচিতে তারা ৫ উইকেটে তোলে ২০৩ রান। বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ১৯৬, যা এসেছে ২০২৪ সালের জুনে লাহোরে।
অন্যদিকে, বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ ৮৫ রান, যা ২০১১ সালে মিরপুরে হয় পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে। পাকিস্তানের সর্বনিম্ন রান ১০৯, সেটিও মিরপুরেই, ২০২১ সালে।
এই সিরিজে ঘরের মাঠে নিজেদের পারফরম্যান্স উজ্জ্বল করার সুযোগ পাচ্ছে টাইগাররা। তবে পরিসংখ্যান বলছে, চ্যালেঞ্জ হবে কঠিন।
