উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে সিলেটে শিক্ষার্থীদের চলমান আন্দোলন মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় সাময়িকভাবে স্থগিত হয়েছে। আন্দোলন স্থগিতের ঘোষণার পর শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে দাঁড়ালে স্বস্তি ফিরে আসে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে।
এর আগে, দুপুরে ঢাকায় সচিবালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থানের খবর ছড়িয়ে পড়লে সিলেটেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে শিক্ষার্থীরা সিলেট শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে পরে সিলেট-জকিগঞ্জ সড়কে অবস্থান নেয়। তারা মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিচয় প্রকাশ এবং শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
রাস্তায়ই পবিত্র আসরের নামাজ আদায় করেন তারা এবং নিহতদের মাগফেরাত কামনায় দোয়া করেন। এতে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকে পড়ে, যাত্রীদের পড়তে হয় দুর্ভোগে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। পরে বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরীর মধ্যস্থতায় শিক্ষার্থীরা মঙ্গলবারের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়।
