ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা ১ থেকে দেড় হাজার জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ থানায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান।
এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে কোয়ারি এলাকা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট হয়। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্টদের পরিচয় শনাক্ত করা যায়নি।
সম্প্রতি কোম্পানীগঞ্জের সাদা পাথর ও গোয়াইনঘাটের জাফলং থেকে পাথর লুটের ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এ নিয়ে হাইকোর্ট পাথর উদ্ধার ও লুটেরাদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেয়।
এরপর র্যাব ও পুলিশসহ যৌথ বাহিনী সিলেটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গত তিনদিনে জাফলং ও সাদা পাথর থেকে প্রায় ১ লাখ ৯ হাজার ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। এর মধ্যে নারায়নগঞ্জ থেকে উদ্ধার হয় ৪০ হাজার মেট্রিক টন পাথর।
সর্বশেষ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ ও জেলা প্রশাসনের সহায়তায় প্রায় ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
