আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টি আসনে প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে, আর বাকি ৫টি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এই অবশিষ্ট আসনগুলোতে উপযুক্ত প্রার্থী চূড়ান্ত করতে আরও গভীরভাবে বিশ্লেষণ করা হবে।
সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টি আসনে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৬টি আসনের মধ্যে সিলেট-১, সিলেট-২, সিলেট-৩ ও সিলেট-৬ আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সিলেট-৪ ও সিলেট-৫ আসনের প্রার্থীতা এখনো ঘোষণা করা হয়নি।
সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থী নির্ধারণ করা হয়েছে, আর সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থীতা এখনো চূড়ান্ত হয়নি।
হবিগঞ্জ জেলার ৪টি আসনের মধ্যে হবিগঞ্জ-২, হবিগঞ্জ-৩ ও হবিগঞ্জ-৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, তবে হবিগঞ্জ-১ আসনের প্রার্থী এখনও নির্ধারিত হয়নি।
অন্যদিকে মৌলভীবাজার জেলার চারটি আসনেই বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে এবং তাদেরকে মাঠপর্যায়ে আরও সক্রিয় হয়ে প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
এছাড়া, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হিসেবে অংশ নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে লড়বেন।
সোমবারের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমদসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।
