সরকারি স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার সংক্রমণ বাড়তে থাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, আপদকালীন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর এবং এর আওতাধীন সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরে জারি করা এ নির্দেশনা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর করা হয়েছে।
এদিকে, দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি জোরদার করছে। সংশ্লিষ্টরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদানের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা সচল রাখতে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও তা প্রকাশের জন্য বলা হয়েছে।