হঠাৎ বন্ধ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-২৯
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের লাউয়াছড়া এলাকায় তেলবাহী একটি ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হয়। এতে সিলেট-আখাউড়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

ট্রেনে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা সদস্য পরাগ বকুল দাস জানান, ট্রেনটি লাউয়াছড়া এলাকায় প্রবেশ করার পর হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। পরে দ্রুত লোকোমাস্টারকে বিষয়টি জানানো হলে ট্রেন থামানো হয়। এরপর পরীক্ষা করে দেখা যায়, একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে বগিটিতে কোনো তেল ছিল না বলে জানান তিনি।

এদিকে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করতে হাইড্রোলিক টুলভ্যান ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার রজত কুমার রায়। উদ্ধার কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

error: Content is protected !!