ঢাকায় পৌঁছেছে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-৩০
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরতে শুরু করেছেন হজযাত্রীরা। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে হজযাত্রী বহনকারী প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি ছেড়ে আসে। এ ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো চলতি বছরের হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম।

প্রথম দিনে মোট ১৩টি ফিরতি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হজযাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে ফেরার পর প্রত্যেক হাজিকে উপহার হিসেবে ৫ লিটার করে পবিত্র জমজমের পানি দেওয়া হচ্ছে। পাশাপাশি দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন ও লাগেজ সংগ্রহের সুবিধার্থে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় গত ২১ মে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা বাংলাদেশি হাজিরা আগামী কয়েক সপ্তাহে পর্যায়ক্রমে বিভিন্ন ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন। তাদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

error: Content is protected !!