ছবি : সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে এবং অচিরেই আরও কয়েকটি দেশে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি এবং বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ফল হিসেবে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। পাশাপাশি জার্মানি, দক্ষিণ কোরিয়া, ওমান, মরিশাস, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ভবিষ্যতে নতুন নতুন শ্রমবাজার উন্মুক্ত করার প্রচেষ্টাও অব্যাহত থাকবে।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
