৫৪তম জাতীয় দিবস ইদ আল ইতিহাদ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ জন বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ঘোষণা করেছেন। দেশটির দীর্ঘদিনের মানবিক মূল্যবোধ ও ক্ষমাশীলতার ঐতিহ্যের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এ ক্ষমা ঘোষণা করা হয়। এ উপলক্ষে আমিরাতজুড়ে বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও মুক্তির আওতায় আনা হয়।
সংযুক্ত আরব আমিরাতের শাসকরা প্রতি বছর ঈদ, জাতীয় দিবসসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে দণ্ডপ্রাপ্তদের জন্য এ ধরনের রাজকীয় ক্ষমা ঘোষণা করে থাকেন। এর মূল লক্ষ্য হলো ক্ষমাশীলতা, সামাজিক পুনঃএকীকরণ এবং পারিবারিক পুনর্মিলনকে উৎসাহিত করা।
কর্মকর্তারা জানান, ২০২৫ সালের শেষভাগে বাস্তবায়িত এই ক্ষমা কর্মসূচির আওতায় বিপুলসংখ্যক বন্দি মুক্তি পেয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশি নাগরিকরাও রয়েছেন। এর ফলে তারা নতুন করে জীবন শুরু করার পাশাপাশি পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন।
এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের মানবিক দৃষ্টিভঙ্গি, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ইদ আল ইতিহাদ প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়। ১৯৭১ সালে সাতটি আমিরাত এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করতেই দিনটি উদযাপন করা হয়।
