গণ-মানুষের কবি দিলওয়ার (১৯৩৭-২০১৩) ০৫ মে ১৯৮২ শিকড় সন্ধানী প্রকাশনা ‘আনোয়ারা’ সম্পাদক আব্দুর রশীদ লুলুকে একটি পত্র লিখেন। এখানে সে পত্র মুদ্রিত হলো এই প্রত্যাশায় যে, পত্রটি ইতিহাসের অংশ হতে পারে এবং কবি দিলওয়ার গবেষকদের কাজে লাগতে পারে। একই সাথে লেখক-পাঠককে উজ্জীবিত করতে পারে। -সম্পাদক
প্রিয় রশীদ,
কল্যাণ এবং বিচক্ষণতা তোমার পাথেয় হোক। পত্রের জবাব দেরিতে যাচ্ছে, কারণ আমি বাড়ী ছিলাম না। দুঃসহ দৈহিক যন্ত্রণায় অতিষ্ট হয়ে এক বোনের বাড়ী চলে গিয়েছিলাম। আঠারো দিন পরে ফিরেছি।
গ্রামের নিভৃতে বসে তুমি যে জীবনকে আত্মস্থ করার চেষ্টা করছো, সেটা এক মহৎ প্রচেষ্টা। তবে হ্যাঁ, মানবতার জন্যে একটা উল্লেখযোগ্য কিছু করতে গেলে, গূঢ়তম জ্বালা-যন্ত্রণা হজম করার শক্তি সঞ্চয় করতে হবে।
ওকথা থাক, তুমি নিশ্চয়ই পড়াশোনায় আছো। আমি চাইব পায়ের তলের মাটি তোমার শক্ত হোক। তোমার নির্মল সাহিত্যানুভূতি তোমার সামাজিক প্রতিষ্ঠার অলংকার হয়ে দেখা দিক।
আমি সুস্থ হয়ে উঠি।
তোমাকে লিখব কবিতা পাঠানোর জন্যে। মাসে সব মিলিয়ে ৬টার বেশী লিখো না।
মা, বাবাকে সালাম জানিও। তোমাদের জন্যে আবারও প্রীতি।
ইতি
আশীর্বাদক-
দিলওয়ার
সিলেট, ৫/৫/৮২
