ছবি সংগৃহীত
ইংল্যান্ডের বার্মিংহামে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লুসিএল) আজ মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তান। তবে ভারতের অন্তত পাঁচ সাবেক ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় বাতিল করা হয়েছে এই হাইভোল্টেজ ম্যাচটি।
শুক্রবার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটাররা। অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেকরা।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন হরভজন সিং, ইউসুফ পাঠান, সুরেশ রায়না, ইরফান পাঠান ও শিখর ধাওয়ান। এর পরিপ্রেক্ষিতেই ম্যাচ বাতিলের ঘোষণা দেয় আয়োজকরা।
এক বিবৃতিতে ডব্লুসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দেশের ক্রীড়া সম্পর্ক ইতিবাচক দিকেই এগোচ্ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের আবেগ ও অবস্থানকে সম্মান জানিয়ে ম্যাচটি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ১৮ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে ইংল্যান্ডের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ১৮টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ৫ রানে হারায় ইংল্যান্ডকে। গতবারের মতো এবারও ছয়টি দল অংশ নিচ্ছে।
