শিরোনাম

সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২২

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নির্ধারিত এইচএসসি পরীক্ষা হঠাৎ করে স্থগিত হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভে অংশ নেন।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে সচিবালয়ের সামনে জড়ো হন। বিক্ষোভকারীরা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিতে থাকেন। আন্দোলনের কারণে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সচিবালয় এলাকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী জানান, রাত তিনটার দিকে পরীক্ষার স্থগিতাদেশ দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক ও শিক্ষার্থীদের সঙ্গে অবিচার। সকালবেলায় পরীক্ষার প্রস্তুতি নিয়ে বের হয়ে এসে স্থগিতের খবর পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অনেকে।

বিক্ষোভকারীদের মধ্যে এসএসসি পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়নের দাবিও ছিল।

ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সচিবালয়ের ভেতরে অনেক যানবাহন আটকা পড়েছে।

উল্লেখ্য, গতকাল রাত পৌনে তিনটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন উপদেষ্টা প্রথম পরীক্ষার স্থগিতাদেশের খবর জানান। পরে সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

error: Content is protected !!