বাংলাদেশে পাওয়া ভালোবাসা হৃদয়ে গেঁথে আছে: হামজা চৌধুরী

: খেলা ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৭-২৯

ইংল্যান্ডের লিগে খেলার সুবাদে ইতিমধ্যেই তারকাখ্যাতি পেয়েছেন হামজা চৌধুরী। তবে বাংলাদেশে এসে যেভাবে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন, তা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। লাল-সবুজের জার্সি গায়ে জড়ানো নিয়ে নিজের আবেগ ও অনুভূতির কথা শেয়ার করেছেন তিনি। লেস্টার সিটির সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশে কাটানো মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেছেন এই মিডফিল্ডার।

১৭ মার্চ—এই দিনটি হামজার হৃদয়ে চিরস্থায়ী রঙিন এক স্মৃতি হয়ে থাকবে। জাতীয় দলে যোগ দিতে বাংলাদেশে পা রাখার পর অভূতপূর্ব অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। বাংলার হাজারো মানুষের ভালোবাসায় আপ্লুত হন হামজা দেওয়ান চৌধুরী।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে মেসি-রোনালদো-নেইমার কিংবা পেলে-ম্যারাডোনাদের নিয়ে তর্ক যেন চিরকালীন। কিন্তু সেই চিরাচরিত তালিকায় এখন সংযোজিত হয়েছে আরেকটি নাম—হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলারকে জাতীয় দলে ভিড়িয়ে ফুটবলপাড়ায় আলোড়ন তোলে বাফুফে।

ইতিমধ্যে তিনি লাল-সবুজের হয়ে তিনটি ম্যাচে মাঠে নেমেছেন। তবে জাতীয় দলের হয়ে অভিষেকের আগেই ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশে আসার মুহূর্তটি এখনও ভুলতে পারেন না। সে সময় যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেন বলে জানালেন তিনি।

লেস্টার সিটির দেওয়া এক সাক্ষাৎকারে হামজা বলেন, ‘জাতীয় দলে খেলার জন্য বাংলাদেশে গিয়ে নিজ গ্রামের বাড়িতে যাই—যেখানে আমার শৈশবের বড় একটা সময় কেটেছে। সেখানে মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা এক কথায় অবিশ্বাস্য।’

ধারে খেলতে গিয়েছিলেন শেফিল্ড ইউনাইটেডে। তার অনুপস্থিতিতেই লেস্টার সিটি নেমে যায় ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপ লিগে। বর্তমানে পুরনো ক্লাবে ফিরে এসেছেন হামজা, লক্ষ্য একটাই—দ্য ফক্সেসকে আবারও ইপিএলে ফিরিয়ে নেওয়া। যদিও ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায় অর্থাৎ ইপিএলে খেলার অভিজ্ঞতা হামজার রয়েছে আগেই, আর সেখান থেকেই তার তারকাখ্যাতির শুরু। তবে বাংলাদেশের মাঠে পা রাখার পর সেই খ্যাতি যেন এক নতুন উচ্চতায় পৌঁছে যায়।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যে খেলোয়াড় হিসেবে সম্মান ও ভালোবাসা পেয়েছি ঠিকই, তবে বাংলাদেশে পাওয়া অভিজ্ঞতাটা সম্পূর্ণ ভিন্ন। কেউ কেউ এমন অভিজ্ঞতাকে ভয়ংকর বলবে, কেউ বলবে রোমাঞ্চকর। আমার কাছে এটা হৃদয়ের গভীরে থাকা এক বিশেষ স্মৃতি।’

এখন পর্যন্ত ভারত, ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলেছেন হামজা এবং প্রতিটি ম্যাচেই নজর কেড়েছেন। সামনে অক্টোবরের ম্যাচে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেও দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা চৌধুরী।

  • লেস্টার সিটি
  • সাক্ষাৎকার
  • হামজা চৌধুরী
  • error: Content is protected !!