আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শাল সোমবার ঢাকায় এসেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিটকে (আকু) সহায়তা করবেন।
এদিকে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে তিনি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে খেলোয়াড়দের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে। একই দিনে অ্যালেক্স মার্শালের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে বিসিবি থেকে ক্রিকেটারদের মাঝে একটি ফরম বিতরণ করা হয়েছিল সমস্যাগুলো চিহ্নিত করার জন্য। সেসব চিহ্নিত সমস্যার ভিত্তিতে আইসিসিতে দীর্ঘ অভিজ্ঞতা থেকে দিকনির্দেশনা দেবেন আমিনুল। পাশাপাশি ক্রিকেটারদের সমস্যার সমাধানে করণীয় পদক্ষেপও নেবে বিসিবি।
তবে নারী ক্রিকেটাররা এই আলোচনায় থাকছেন না, কারণ তারা বর্তমানে বিশ্বকাপের প্রস্তুতিতে বিকেএসপিতে অবস্থান করছেন।
অন্যদিকে ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্ট এবং আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে একাধিক ওয়ার্কশপ করবেন অ্যালেক্স মার্শাল।
