সিলেটে হঠাৎ কেন সড়কে সাজোয়া যান ও ডগ স্কোয়াড নিয়ে বিজিবির তৎপরতা?

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-01-29

সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সাঁজোয়া যান। প্রতিটি যানের সামনে অবস্থান নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পাশে ডগ স্কোয়াডের কুকুরসহ আরও কয়েকজন সদস্য প্রস্তুত। অস্ত্র হাতে কেউ দৌড়াদৌড়ি করছেন, আবার সাইরেন বাজিয়ে দ্রুতগতিতে ছুটে চলেছে বিজিবির গাড়ি।

সড়ক দিয়ে চলাচলকারী প্রতিটি যানবাহন থামিয়ে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে সিলেটের টিলাগড় এলাকায় সিলেট সরকারি কলেজের সামনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

হঠাৎ এই দৃশ্য দেখে পথচারী ও চালকদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মনে প্রশ্ন জাগে—কোনো বিশেষ তথ্য পেয়েছে কি বিজিবি? নাকি বড় কোনো অঘটনের আশঙ্কা রয়েছে?

তবে বাস্তবে বিষয়টি ছিল নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির পূর্বপ্রস্তুতির অংশ। আসন্ন নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা যাচাই ও প্রস্তুতি প্রদর্শনের উদ্দেশ্যেই এই মহড়ার আয়োজন করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বৃহস্পতিবার সকালে এ মহড়া পরিচালনা করে।

মহড়া চলাকালে বিজিবির প্রস্তুতি সম্পর্কে কথা বলেন সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সালাহউদ্দীন। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সিলেট অঞ্চলের ৩০২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে জনগণের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগে সহায়তা করবে। সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি পূর্ণ মাত্রায় মাঠে মোতায়েন থাকবে। সিলেট বিভাগে মোট ৯০টি প্লাটুনে প্রায় ২ হাজার ১০০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

কর্ণেল সালাহউদ্দীন জানান, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের রায়ট কন্ট্রোল বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রয়োজনে ড্রোন ব্যবহার করে নির্বাচনকেন্দ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের হুমকির তথ্য পাওয়া যায়নি। সবকিছু স্বাভাবিক থাকলে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

error: Content is protected !!