শিরোনাম

ফেলে দেওয়া সিগারেটের আগুনে সিলেট ওসমানী মেডিকেলে আতঙ্ক, নেভাতে গিয়ে অসুস্থ একজন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০১-৩১
ছবি: সংগৃহীত

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে। আগুন নেভানোর সময় ফায়ার এক্সটিংগুইশারের গ্যাসে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক অ্যাম্বুলেন্সচালক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শুক্রবার (গতকাল) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের পঞ্চম তলার ২৩ নম্বর ওয়ার্ডে (শিশু সার্জারি) এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ওয়ার্ডসহ হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ২৩ নম্বর ওয়ার্ডের একটি শৌচাগারে কেউ ধূমপান করার পর জ্বলন্ত সিগারেটের অবশিষ্ট অংশ বাইরে ফেলে দেন। এতে কার্নিশে জমে থাকা ময়লায় আগুন ধরে যায় এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনা জানাজানি হলে রোগী, স্বজন ও চিকিৎসকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

আগুন নেভানোর সময় ব্যবহৃত ফায়ার এক্সটিংগুইশারের গ্যাসে এক অ্যাম্বুলেন্সচালক অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম জানান, অসাবধানতাবশত ধূমপানের আগুন থেকেই এ দুর্ঘটনা ঘটে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে হাসপাতালের পরিচালক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।

error: Content is protected !!