শিরোনাম

সিলেটে শুরু এসএসসি পরীক্ষা, লোডশেডিংয়ে বাড়ছে দুশ্চিন্তা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-২১

সিলেটসহ সারা দেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বিভাগের ২২৫টি কেন্দ্রে ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা শুরুর দিনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন অভিভাবকরা। একই সঙ্গে তীব্র গরম ও বিদ্যুৎ সমস্যার কারণে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে প্রভাব পড়েছে বলে উদ্বেগ জানিয়েছেন অনেকেই। তাদের আশঙ্কা, এর প্রভাব ফলাফলেও পড়তে পারে।

এ বছর সিলেট বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৯ হাজার ৪২১ জন, যা ২০১৭ সালের পর সর্বনিম্ন। দীর্ঘ সময় পর পরীক্ষার্থীর সংখ্যা ৯০ হাজারের নিচে নেমেছে।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলায় সর্বোচ্চ ৩৫ হাজার ৩৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া মৌলভীবাজারে ১৯ হাজার ৯১৩ জন, সুনামগঞ্জে ১৮ হাজার ৩৮৩ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষার সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এরপর ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হবে।

নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ১০টি বিশেষ ভিজিল্যান্স টিমসহ মোট ৪৪টি টিম মাঠে কাজ করছে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।

এছাড়া পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি রয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বোর্ডের কন্ট্রোল রুম খোলা রাখা হয়েছে।

 

error: Content is protected !!