সিলেটে ১০ দিনের জন্য স্থগিত পরিবহন ধর্মঘট, আংশিক বন্ধ থাকছে একটি রুট

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-০৩
ছবি: সংগৃহীত

সিলেট-হবিগঞ্জ সড়কে বুধবার (৩ জুন) থেকে শুরু হওয়ার কথা থাকা পরিবহন ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ জানিয়েছে, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২ জুন) গৃহীত এ সিদ্ধান্ত অনুযায়ী, ঘোষিত ধর্মঘট কর্মসূচি আগামী ১২ জুন পর্যন্ত স্থগিত থাকবে। তবে এর মধ্যেও হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট বাস মালিকরা।

এর আগে রোববার (৩১ মে) হবিগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। পরিষদের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল জানান, নির্ধারিত সময়ের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে আগের মতো মৌলভীবাজার হয়ে সিলেট রুটে চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে তারা ধর্মঘটে যাবেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের কিছু মালিক ও শ্রমিক সংগঠন বিভিন্নভাবে বাধা দিয়ে আসছে। এতে পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে এবং অনেক শ্রমিক কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়েছেন বলেও দাবি করেন তিনি।

error: Content is protected !!