ছবি সংগৃহীত
তিন ম্যাচ নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরেই গোল করলেন মোসাম্মত সাগরিকা। সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে প্রথমার্ধে এই ফরোয়ার্ডের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
সোমবার ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিক দল। কোচ পিটার বাটলার চার ফরোয়ার্ড—নবীরণ খাতুন, উমেলা মারমা, সাগরিকা ও পূজা দাসকে নিয়ে সাজান মূল একাদশ। মাঝমাঠে ছিলেন মুনকি আক্তার, স্বপ্না রানি, শান্তি মার্ডি ও ঐশী খাতুন।
ম্যাচের সপ্তম মিনিটেই সাগরিকা পূজা দাস ও স্বপ্না রানির সমন্বয়ে তৈরি এক আক্রমণ থেকে দারুণ গোল করেন। এটি ছিল সাফে তাঁর পঞ্চম গোল।
১২ মিনিট পর সমতায় ফেরার সুযোগ পায় নেপাল। গোলকিপার মিলির হাত ফসকে যাওয়া বলে শট নেন পূর্ণিমা রাই, তবে তা পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি হেড মিলি দক্ষতার সঙ্গে ধরে ফেলেন।
প্রথমার্ধে এক গোলের লিড নিয়ে বাংলাদেশ কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও আক্রমণের ধার কমেনি। ৪৪ মিনিটে আবারও নেপালের রক্ষণে চাপ তৈরি করেন সাগরিকা।
ম্যাচ শুরুর আগে উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ।
